রোদ্দুর জ্বলছে গলায়,
পাতার রেশে তোমার নামে,
আমি হাঁটছি সেই পথ ধরে , যেখানে হঠাৎ তুমি
উপস্থিত হয়েছো
ভোরবেলার শিশির ঠিক অতৃপ্ত হ’য়ে রয়ে গেছে,
তোমার স্পর্শের অপেক্ষায়, আমার হাত বাড়িয়ে আছে
শহরের শব্দ পেছনে ফেলে, আমি ফিরি মসৃণপথে,
হরিণের মতো নিঃশব্দ হয়ে, তুমি-স্মৃতির আলোয়
প্রকৃতি বলছে , চুপ করো, অনুভব করো,
আমি শুনি , তোমার নিঃশব্দ সান্নিধ্যের
প্রতিধ্বনি
আমাদের ভালোবাসা ছিল বাতাসের রেশে,
এখনো আছে, শুধু চোখ বন্ধ ক’রে অনুভব করলে
চাঁদের কোলে রাখা একটি দিনের কাহিনি,
তুমি ও আমি বসেছিলাম একাকী রোদ্দুর-চেয়ারে
আজ আমি বলি, ফিরে আসো,
শুরু হোক নতুন সকাল, নতুন পাতায়,
প্রকৃতির বু’কে লেখা হোক আমাদের দেখা-অদেখা
গল্প।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন