কবিতা জীবনের সাথে কতটা সম্পৃক্ত? সে কি কথা বলে, জীবনের
হ’য়ে? খুব বেশি কি প্রয়োজন জীবনের চলার পথে কবিতার! এই কথাগুলোর উত্তর আমরা হয়তো একসাথে
বলতে পারবো না। যদি বলি, কবিতা সবার জন্য নয়, সবাইও যেমন কবিতার জন্য হ’য়ে উ’ঠে না।
কবিতা, কবির হৃদয়ে প্রথম আলোড়ন সৃষ্টি ক’রে, পরে সেই আলোর বিচ্ছুরণ ছড়িয়ে পরে অনেকের
মধ্যে। যদিও, বলতে পারি, যে কোন কবির হৃদয়ে তার সৃষ্টি, তার মাঝে আগে ধরা দিতে পারে,
এটাই স্বাভাবিক। কিন্তু এখানে এটাও বলে নিতে পারি, সব কবিতার আলো খুব বেশি যে জ্যোতির্ময়
হ’য়ে উঠবে, তা কিন্তু বলা যায় না। কবি, কবিতা সৃষ্টি করবেন, এটাই স্বাভাবিক। তা কতটুকু
সৌন্দর্য বিস্তার করতে পারলো, তার বিচার্য বিষয় সেই মুহূর্তে ধরা না-ও দিতে পারে। এ-রকম
অনেক কবিতা আমরা দেখতে পাই, সৃষ্টির পর থেকে যত সময় অতিক্রম করেছে, সে যেন ততোই মানুষের
নিকটে পৌঁছতে সক্ষম হয়েছে। যেটা হয়তো, সেই মুহূর্তে তৈরি হ’য়ে উঠেনি। এর জন্য যেমন
কবিকে সময় দিতে হয়েছে, তদ্রুপ সময় দিতে হয়েছে, সুন্দর একটি মুহূর্তের জন্য। সমাজ-রাষ্ট্র-সভ্যতার,
অভ্যন্তরে অনেক কিছুই গ’ড়ে উ’ঠে তার প্রয়োজনে। যে প্রয়োজন হ’য়ে উ’ঠে সেই মুহূর্তের
জন্য, বা আবার কখনও, তা দেখা দিতে পারে শতাব্দীর পর শতাব্দী ধ’রে। কবিতাও একপ্রকার
আশ্রয় খুঁজে নিতে চায় সেই জরাজীর্ণ বা গতিশীল সমাজ কাঠামোর মধ্যে। কিন্তু প্রশ্ন হলো,
কবিতা কী একা টিকে থাকতে পারে? মানুষ-সমাজ আর প্রসারিত বৃহৎ হৃদয় ছাড়া? ‘কবিতা’ তাহ’লে
কিভাবে টিকে থাকবে? তাকেও আশ্রয় নিতে হবে, অন্য কিছুর মত? জীবনের সাথে কবিতার কতটা
মিল রয়েছে? জীবন তো সবার রয়েছে, তাই বলে আমরা বলতে পারি না, সবার হৃদয়ে কবিতা রয়েছে!
জীবনের সাথে কবিতার রয়েছে এক গভীর সম্পর্ক। সেই সম্পর্কের কথা হয়তো সবার জানার কথা
নয়। এ-যেন নীরবে ব’য়ে চলা এক অজানা সম্পর্কের মতো। তাহলে কি আমরা বলতে পারি, জীবনের
বিস্তারের সাথে এক নিবিড় সম্পর্ক রয়েছে কবিতার। যা শুধু জীবনের দেখানো পথ দিয়েই চলতে
পারে। ওপথ যেন তার নিজস্ব গন্তব্য ছাড়া অন্য কিছু নয়। কোথায় নাড়া দিলে, পাওয়া যাবে
জীবনের সাথে কবিতার এক গাঢ় মিলবন্ধন? কোন এক সময় দেখা যায়, জীবন থেকেও অনেক উঁচু স্থানে
জায়গা ক’রে নেয় ‘কবিতা’ নামক বস্তুটি। একটা সময় পরিপাটি জীবনটি অনেক তুচ্ছ হ’য়ে উ’ঠে
ঐ কবিতার কাছে। কি থাকে তার মধ্যে? যা গ’ড়ে উঠা জীবনকে এক গভীর ধাক্কা দেয়। হয়তো আবার
দেখা যায়, সেই স্পর্শে, অনেক তুচ্ছ জিনিসও অনেক মূল্যবান হ’য়ে দেখা দেয়। আবার অপরদিকে
দেখা দিতে পারে, অনেক দামি মাণিক্যও, খুব সামান্য হ’য়ে উ’ঠে সেই কবিতার কাছে। তাহলে
আমরা তাকে জায়গা করে দিতে পারি, আমাদের হৃদপিণ্ডের অভ্যন্তরে। তুমি জেগে থাকো, আমার
প্রস্ফুটিত হৃদয়ে। আমরা তাহলে বুঝে গেছি, এবার তাকে স্থান দিতে হবে, আরও অনেক উঁচুতে।
যা সবার পক্ষে, সব-সময় হয়তো সম্ভাব নয়। কবিতার জন্য যে জায়গাটা নিজের বুক পেতে দিয়েছিলেন
তিনি আবুল হাসান (১৯৪৭-১৯৭৫)। বাংলা আধুনিক কবিতার ইতিহাসে আবুল হাসান এমন এক নাম,
যিনি তাঁর স্বল্পজীবনের ভেতর দিয়ে তৈরি করেছেন এক গভীর ও দীপ্ত কাব্যজগৎ। তাঁর জীবন
ছিল অস্থির, বেদনাময় ও অকালমৃত্যুর ছায়ায় আচ্ছন্ন, কিন্তু সেই জীবনের প্রতিটি অভিজ্ঞতা
তিনি রূপান্তরিত করেছেন শিল্পে, শব্দে ও নান্দনিকতায়। তিনি ছিলেন একাধারে প্রেমিক,
বিদ্রোহী, স্বপ্নদ্রষ্টা ও মৃত্যুবরণে অনিবার্য এক কবি। তাঁর কবিতায় ফুটে ওঠে জীবনের
অনিশ্চয়তা, সমাজের ভাঙন, প্রেমের বেদনা এবং অস্তিত্বের প্রশ্ন। তাঁর জীবন যেন ছিল এক
অসমাপ্ত কবিতা, যা মৃত্যুর মধ্যেও সম্পূর্ণ হ’য়ে উঠেছে কবিতার ভাষায়। আবুল হাসানের
কবিতা পড়লে মনে হয়, জীবনের সমস্ত দুঃখ, বিভ্রান্তি, ব্যর্থতা ও শূন্যতাকে তিনি নিজের
কণ্ঠে গেঁথে নিয়েছেন এক অবিনশ্বর সুরে। খুব বেশি দীর্ঘজীবী ছিলেন, তা কিন্তু বলা যাবে
না। তিন দশকের কম সময়, তিনি জীবন পেয়েছিলেন। তার মধ্যে থেকেও অনেকটা জায়গা নিজের মধ্যে
তৈরি ক’রে নিয়েছিলেন বাঙলা কবিতার জন্য। যেন দেখা দেন বাঙলা কবিতার সহোদর পুরুষ হ’য়ে।
কবিতার গাঢ় সত্য যেন প্রবেশ করছে তার ব্যর্থময় জীবনে। চারিদিকের পরিবেশকে যেন রূপান্তর
ঘটাচ্ছেন, এক অলৌকিক সৌন্দর্যে। যার সুবাস, নির্দিষ্ট নয়, তা বিস্তারমুখি। নিজের শরীর
ও আত্মার এক অপূর্ব সমন্বয় ঘটাতে সক্ষম হন বাঙলা কবিতায়। তিনি যেন হ’য়ে উঠেন, বাঙলা
কবিতার এক আদিম দেবতা। শোভামণ্ডিত সকল কিছু যেন বিস্তার ঘটছে, কালোত্তর হ’য়ে। তার হাতে
রচিত কবিতা যেন আধুনিকতার দিকে প্রবেশ করছে, নিজস্ব সৌন্দর্য ও অবয়ব নিয়ে। নিজস্ব ভাবনা
আর আবেগকে নিয়ে এগিয়ে যান অনেকটা পথ। চৈতন্যর ভাষা যেন হ’য়ে উ’ঠে সম্মিলিত সুরে, আজ
এবং আগামীর বাঙলা কবিতার জন্য। আমাদের সামনে তিনি যেন ফুটিয়ে তোলেন ইন্দ্রিয় কাঁপানো
কিছু পঙক্তি। যার জন্য আমরা ব্যকুল হ’য়ে উঠি, তার স্বাদ আর গন্ধের জন্য। ক্ষণে-ক্ষণে
ইন্দ্রিয় যেন কেঁপে উ’ঠে, তার ভাবনা আর ভাবধারার সাথে। সেই কবিতা যেন কথা বলে, অন্যর
সুরে, আমার মুখে। একক কোন কবিতা নয়, কিছু কবিতা যেন বার-বার ফিরে আসে, তার চেনা রূপে।
বাঙলা কবিতার আবেগ-সৌন্দর্য আর তার বিস্তারমুখি রূপ যেন আবার আমাদের সামনে ধরা দেয়,
নতুন হ’য়ে, নতুন রূপে। বিংশ শতাব্দির কবিতার অপরূপ কিছু সৌন্দর্য যেন আলো দেখাতে সক্ষম
হন, তার রচিত পঙক্তিতে। এ-কবিতা, আর দেখা দেয় না একক কবিতা হ’য়ে; তা হ’য়ে উ’ঠে জ্যোতির্ময়
সৌন্দর্যের বহিঃপ্রকাশ রূপে। বাঙলা কবিতা যেন রূপ ফিরে পায়, তার রচিত পঙক্তিতে। হারানো
সুর যেন; আবার সুর বাঁধতে সক্ষম হন নিজের আলোয়। যে আলোর সাথে আমরা বন্ধন তৈরি করতে
পারি, আবুল হাসানকে। তিনি যেন হ’য়ে উঠেন; সৌন্দর্যের দিক নির্দেশক রূপে। এত কিছু থাকতে
কেন গেলেন কবিতার কাছে ? প্রশ্ন থাকলো তার কাছেই? খুব বেশি দরকার ছিল মস্তিস্কে অই
‘কবিতা’ নামক বস্তুকে আশ্রয় দেওয়ার? ফিরে গেলেন; একান্ত মনে, ব্যথিত হ’য়ে সেই কবিতার
কাছে। ‘আপন সৌন্দর্য, আমার হৃদয়কে হিমশীতল ক’রে তলো, তোমার আপন আলোয়’-এ যেন কবিতার
প্রতি তার ব্যক্তিগত আকুতি। নান্দনিক উপলব্ধি, তাকে যেন দাঁড় করায় এক অজানা গন্তব্যেয়।
যে পথ অন্য কারো নয়; কবির তৈরি পথই যেন আপন পথ হ’য়ে দেখা দেয়। কবিতার প্রতি কেন তৈরি
হয় এমন আকুলতা? আবুল হাসানের। আর তিনি কি ভাবনা জগতে সৃষ্টি করেছেন, আপন সৌন্দর্য,
যে সৌন্দর্য তার কবিতার কথা বলে। তার কবিতার মুখোমুখি হ’লে, যে ভাবনা আমাদের চৈতন্য
জাগায়, তা কবিতার প্রতি অনুপ্রেরণা। এ-প্রেরণা কবিতার প্রতি; বাঙলা কবিতার অপার সৃষ্টি
যেন তার হাত ধ’রেই চলমান।
ষাটের দশকের কবিতা (১৯৬০-৬৯) বাংলা সাহিত্যর একটি গুরুত্বপূর্ণ
সময়। এই দশকের কবিতা কিছু বিশেষ বৈশিষ্ট্য দ্বারা চিহ্নিত,
যার মধ্যে রয়েছে রাজনৈতিক অস্থিরতা, অস্তিত্ববাদ ও নৈরাশ্যবাদের প্রভাব, রূপক ও চিত্রকল্পের ব্যবহার, এবং ভাষা ও ছন্দের নতুনত্ব। ষাটের দশকের কবিতার প্রধান বৈশিষ্ট্যগুলো
হলো রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা, অস্তিত্ববাদ ও নৈরাশ্যবাদের প্রভাব, রূপক ও চিত্রকল্পের
ব্যবহার, ভাষা ও ছন্দের নতুনত্ব, ব্যক্তি ও সমাজের দ্বন্দ্ব, প্রথা ভাঙার প্রবণতা,
শহুরে জীবন ও নাগরিক যন্ত্রণা। আবুল হাসান, সেই ষাটের দশকে যখন কবিতা লেখা শুরু করেন,
তার সাথে আমাদের আরও মনে প’ড়ে যায় উল্লেখযোগ্য কয়েকজন কবির নাম। যার মধ্যে রয়েছে আবু
কায়সার, মোহাম্মদ রফিক, রফিক আজাদ, আবদুল মান্নান সৈয়দ, মহাদেব সাহা, এবং আল মাহমুদ।
এছাড়াও, এই দশকে শহীদ কাদরী, শামসুর রাহমান, এবং আবু জাফর ওবায়দুল্লাহর মতো কবিরাও
সক্রিয় ছিলেন বাঙলা কবিতা রচনাতে। এই দশকের অন্যতম প্রাণপুরুষ কবি হ’য়ে উঠেন শামসুর
রাহমান (১৯২৯-২০০৬)। যার কবিতার সফলতার পতাকা দেখতে পাই পরবর্তী, আরও কয়েক দশক জু’ড়ে।
তিনিই যেন হ’য়ে উঠেন বাঙলা কবিতার যুবরাজ। একাই বাঙলা কবিতাকে নিয়ে যান অনেক সামনে,
নির্দিষ্ট গন্তব্য সীমানা থেকে আরও অনেক দূরে। ষাটের কবিতা শুধু যে কবিতার মধ্যে আবদ্ধ
হয়েছিল, তা কিন্তু নয়। ষাটের দশকে বাঙলাসাহিত্য বিশেষ ক’রে কবিতার ক্ষেত্রে, একটি নতুন
দিগন্ত উন্মোচিত হয়েছিল। এই
দশকের কবিরা তাদের কবিতায় অস্তিত্ববাদ, মার্কসবাদ, এবং ফ্রয়েডীয় মনোবিশ্লেষণ সহ বিভিন্ন
দর্শন ও চিন্তাধারার দ্বারা প্রভাবিত হয়েছিলেন। যার চিত্র আমরা তাদের রচনায় দেখতে পাই।
এই দশকের কবিদের কিছু সাধারণ বৈশিষ্ট্য আমাদের দৃষ্টিতে ধরা প’ড়ে। যার মধ্যে প্রধান
হ’য়ে ধরা দেয়, অস্তিত্বের সংকট, সমাজ সচেতনতা, ভাষা ও বিষয়ের বৈচিত্র্য, ব্যক্তি ও
সমষ্টির সম্পর্ক। আবার তাদের মধ্যে থেকে কারও কণ্ঠ থেকে খুব করুণ হ’য়ে আমাদের শুনতে
হয় ‘অবশেষ জেনেছি মানুষ একা’।
আবুল হাসানের জীবনের নান্দনিকতা নিহিত তাঁর বেদনাবোধে।
জীবনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি ছিল তীব্রভাবে সংবেদনশীল, তাই তিনি অন্ধকারেও খুঁজে
পেয়েছেন আলো, ব্যর্থতার ভেতরেও এক রহস্যময় সৌন্দর্য। তাঁর কবিতার ভেতর দিয়ে স্পষ্ট
হয় এই দৃষ্টিভঙ্গি। যেখানে মৃত্যু কোনো ভয়ের বিষয় নয়, বরং জীবনের এক অনিবার্য পূর্ণতা।
তাই তাঁর কবিতায় ‘অন্ধকার,’ ‘রক্ত,’ ‘বৃষ্টি,’ ‘চোখ,’ ‘রাত,’ ‘নগর’-এইসব প্রতীক কেবল
বাস্তব নয়, জীবনের ভেতরের গভীর বোধের চিহ্ন। তাঁর কবিতার প্রতিটি শব্দ যেন জীবনের অন্তর
থেকে উঠে আসা এক দীর্ঘশ্বাস। কিন্তু আশ্চর্য বিষয় এই যে, এই দীর্ঘশ্বাস কখনো কেবল বেদনা
নয়, বরং হ’য়ে ওঠে নান্দনিক প্রকাশ। যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই পাথরের ভিতরে প্রবেশ
করে মসৃণ এক লাবণ্যের রূপ। তাঁর কবিতায় প্রেম এক কেন্দ্রীয় সত্তা, কিন্তু সেই প্রেম
কেবল প্রেয়সীর প্রতি নয়, বরং জীবনের প্রতি, সময়ের প্রতি, এমনকি মৃত্যুর প্রতিও। তিনি
প্রেমের মাধ্যমে অস্তিত্বের অর্থ খুঁজেছেন। ‘আমি তোমার প্রেমে পৃথিবী দেখেছি’-এই স্বীকারোক্তির
মধ্য দিয়ে বোঝা যায় তাঁর ভালোবাসা আসলে এক দার্শনিক অনুসন্ধান। তাঁর কবিতায় প্রেম কখনো
ব্যথায় রূপ নেয়, কখনো মৃত্যুর পরম শান্তিতে, আবার কখনো হ’য়ে ওঠে মানবিক প্রতিবাদের
ভাষা। এই বহুমাত্রিক প্রেমই তাঁর কবিতাকে দিয়েছে এক চিরকালীন সৌন্দর্য।
আবুল হাসানের কবিতার ভাষা-রীতি ও গঠনেও আছে এক অনন্য
নান্দনিকতা। তিনি শব্দের অতিরিক্ত অলংকারে বিশ্বাসী ছিলেন না, বরং সংক্ষিপ্ত, তীক্ষ্ণ
ও জীবন্ত শব্দে প্রকাশ করেছেন গভীর অনুভব। তাঁর কবিতায় ছন্দ কখনো ভাঙে, কখনো থেমে যায়,
আবার সেই থেমে যাওয়ার মধ্যেই তৈরি হয় নতুন ছন্দ। যেন জীবনের মতোই অসম্পূর্ণ অথচ পূর্ণ।
তাঁর ভাষার এই স্বাভাবিক গতি ও খসখসে সৌন্দর্য বাংলা আধুনিক কবিতায় এনে দিয়েছে এক নতুন
দিকনির্দেশ। জীবন ও কবিতার মধ্যে তাঁর কোনো দূরত্ব ছিল না। তাঁর কবিতা তাঁর জীবন, আর
জীবনই ছিল তাঁর কবিতার বিষয়। এই দুইয়ের মেলবন্ধনেই জন্ম নিয়েছে তাঁর কাব্যিক নান্দনিকতা-যা
কোনো বাহ্যিক সৌন্দর্য নয়, বরং আত্মার গভীর থেকে উৎসারিত এক অভ্যন্তরীণ দীপ্তি। তাঁর
কবিতা আমাদের শেখায় যে, যন্ত্রণাও হতে পারে শিল্প, মৃত্যুও হতে পারে জীবনের আরেক প্রকাশ,
আর ব্যথার ভেতর দিয়েই খুঁজে পাওয়া যায় সত্য সৌন্দর্য। অতএব, আবুল হাসানের জীবন, কবিতা
ও নান্দনিকতা একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। তিনি বেঁচেছিলেন তীব্রভাবে, লিখেছিলেন
গভীরভাবে, আর ভালোবেসেছিলেন পরম নিষ্ঠায়। তাঁর কবিতা মৃত্যুর পরও বেঁচে আছে জীবনের
প্রতি সেই অদম্য ভালোবাসার স্মারক হ’য়ে। তাঁর জীবন যেমন অসমাপ্ত, তেমনি তাঁর কবিতাও
চিরন্তন, যেখানে প্রতিটি শব্দের ভেতর লুকিয়ে আছে জীবনের, প্রেমের ও মৃত্যুর এক আশ্চর্য
সৌন্দর্য। যে সৌন্দর্যের সামনে সব ম্লান।
বাংলা কবিতার ইতিহাসে আবুল হাসান এমন এক স্বতন্ত্র কণ্ঠস্বর,
যাঁর কবিতায় জীবন ও মৃত্যুর মধ্যবর্তী অনিবার্য দূরত্ব, প্রেম ও বিরহের অন্তর্গত বিষাদ,
ব্যক্তিমানুষের নিঃসঙ্গতা, স্বপ্ন ও বাস্তবতার সংঘাত এবং সময়ের নির্মম অভিজ্ঞতা এক
আশ্চর্য কাব্যিক সৌন্দর্যে রূপ লাভ করেছে। তিনি বাংলা কবিতার এমন এক কবি, যিনি স্বল্পায়ু
জীবনের সীমাবদ্ধতাকে অতিক্রম ক’রে সৃষ্টি করেছেন দীর্ঘস্থায়ী শিল্পজগৎ। তাঁর কবিতার
পরিসর আয়তনে খুব বড় নয়, কিন্তু অনুভূতির গভীরতা, ভাষার অভিনবত্ব, চিত্রকল্পের বৈশিষ্ট্য
এবং অস্তিত্বের জটিল উপলব্ধিতে তা অত্যন্ত সমৃদ্ধ। বাংলাদেশের আধুনিক কবিতায় ষাটের
দশক ছিল রাজনৈতিক অস্থিরতা, সামাজিক পরিবর্তন, সাংস্কৃতিক আত্মপরিচয়ের অনুসন্ধান এবং
ব্যক্তিমানুষের মানসিক সংকটের এক গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের কবিরা একদিকে উত্তরাধিকারসূত্রে
পাওয়া কাব্যভাষার সীমাবদ্ধতা অতিক্রম করতে চেয়েছেন, অন্যদিকে আধুনিক মানুষের বিচ্ছিন্নতা,
সংশয়, প্রেম, প্রতিবাদ ও অস্তিত্বসংকটকে নতুনভাবে প্রকাশের চেষ্টা করেছেন। আবুল হাসান
এই প্রজন্মের অন্যতম গুরুত্বপূর্ণ কবি। তাঁর কবিতায় ব্যক্তিগত অনুভূতি কখনো নিজস্ব
আত্মকথনে সীমাবদ্ধ থাকে না; বরং তা বৃহত্তর মানবিক অভিজ্ঞতার প্রতীকে পরিণত হয়। তাঁর
কবিতার পাঠক নিজের জীবনের নিঃসঙ্গতা, অপূর্ণতা, ভালোবাসা, অভিমান ও মৃত্যুচিন্তার সঙ্গে
এক ধরনের আত্মীয়তা অনুভব করেন। এই আত্মীয়তার মধ্যেই আবুল হাসানের কবিত্বের অন্যতম সার্থকতা
নিহিত। তিনি এমন এক কবি, যিনি জীবনকে গভীরভাবে ভালোবেসেও জীবনের অনিবার্য ক্ষয়, বিচ্ছেদ
ও মৃত্যুকে অস্বীকার করতে পারেননি। তাঁর কবিতায় তাই জীবনের প্রতি আকর্ষণ এবং মৃত্যুর
প্রতি এক অদ্ভুত সচেতনতা পাশাপাশি অবস্থান ক’রে। এই দ্বৈত অনুভবই তাঁর কবিতার নান্দনিক
জগতকে স্বতন্ত্র মাত্রা দিয়েছে।
আবুল
হাসানের জন্মের সময়টি ছিল ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। দেশভাগ,
রাজনৈতিক পুনর্বিন্যাস, সাম্প্রদায়িক বিভাজন এবং নতুন রাষ্ট্রব্যবস্থার জন্মের মধ্য
দিয়ে বাঙালি সমাজ তখন এক গভীর পরিবর্তনের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছিল। এমন এক সময়ের সন্তান
হিসেবে আবুল হাসানের বেড়ে ওঠার পেছনে ছিল গ্রামীণ বাংলার প্রকৃতি, সামাজিক বাস্তবতা
এবং পরবর্তী সময়ে নগরজীবনের বিচিত্র অভিজ্ঞতা। তাঁর শৈশব ও কৈশোরের স্মৃতিতে, গ্রামীণ
পরিবেশের যে আবহ রয়েছে, তা তাঁর কবিতার প্রকৃতি-চেতনা ও অনুভূতির জগৎ নির্মাণে ভূমিকা
রেখেছে বলে বিবেচনা করা যায়। গ্রামবাংলার নদী, মাঠ, আকাশ, ঋতুবৈচিত্র্য, মানুষের সহজ
জীবনযাপন এবং প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক তাঁর কবিসত্তার অনুভূতিগত ভিত্তিকে
সমৃদ্ধ করেছে। তবে তিনি কেবল প্রকৃতির সৌন্দর্যের মধ্যে আবদ্ধ থাকেননি; প্রকৃতির দৃশ্যমান
সৌন্দর্যের আড়ালে যে বিষণ্নতা, ক্ষয়, বিচ্ছেদ ও সময়ের প্রবাহ কাজ করে, তাঁর কবিতায়
সেই অনুভবও গভীরভাবে উপস্থিত। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ককে তিনি কেবল বাহ্যিক
সৌন্দর্যের বিষয় হিসেবে দেখেননি; বরং প্রকৃতিকে করেছেন মানুষের মনোজগতের প্রতিচ্ছবি।
তাঁর কবিতায় কখনো আকাশ হ’য়ে ওঠে বিষণ্নতার প্রতীক, কখনো নদী হ’য়ে ওঠে সময়ের প্রবাহ,
কখনো সন্ধ্যা জীবনের অবসন্নতার প্রতীক, আবার কখনো কোনো সাধারণ দৃশ্য অসাধারণ অস্তিত্বগত
তাৎপর্য অর্জন ক’রে বৃষ্টিচিহ্নিত ভালোবাসায়।
শহরের
জীবনের বুদ্ধিবৃত্তিক পরিবেশ, সাহিত্যচর্চা, সমকালীন কবিতার সঙ্গে পরিচয় এবং নগরজীবনের
বহুমাত্রিক অভিজ্ঞতা তাঁর কাব্যচিন্তাকে আরও গভীরভাবে প্রভাবিত ক’রে। ইংরেজি সাহিত্য
পাঠের মধ্য দিয়ে বিশ্বসাহিত্যের আধুনিক প্রবণতা, বিশেষত আধুনিক মানুষের নিঃসঙ্গতা,
অস্তিত্ববাদী সংকট, ব্যক্তিমানসের জটিলতা এবং প্রতীকী প্রকাশভঙ্গির সঙ্গে পরিচিত হওয়ার
সুযোগ তাঁর সামনে উন্মুক্ত হয়। তবে তাঁর কবিতার স্বাতন্ত্র্য এই যে, তিনি বিদেশি সাহিত্যিক
প্রভাবকে সরাসরি অনুকরণ করেননি। বরং নিজস্ব জীবনবোধ, বাঙালি সমাজের বাস্তবতা এবং ব্যক্তিগত
অনুভূতির সঙ্গে আধুনিক কাব্যপ্রযুক্তির সমন্বয় ঘটিয়েছেন। তাঁর কবিতায় পাশ্চাত্য আধুনিকতার
কিছু বৈশিষ্ট্য লক্ষ করা গেলেও এর অনুভূতিগত ভিত্তি গভীরভাবে দেশজ। তিনি বাংলা ভাষার
নিজস্ব শব্দভাণ্ডার, কথ্যভঙ্গি, লোকজ অনুষঙ্গ এবং সাংস্কৃতিক স্মৃতিকে ব্যবহার ক’রে
নির্মাণ করেছেন এক স্বতন্ত্র নিজস্ব কাব্যভাষা। ফলে তাঁর কবিতা একই সঙ্গে আধুনিক এবং
বাঙালি জীবনঘনিষ্ঠ ও বহুরূপান্তর। সাংবাদিকতার
কারণে সমকালীন মানুষের জীবনসংগ্রাম, রাজনৈতিক বাস্তবতা, সামাজিক বৈষম্য এবং নগরসভ্যতার
অন্তর্গত সংকট প্রত্যক্ষ করার সুযোগ তাঁর হয়েছিল বহুবার। যদিও তাঁর কবিতার প্রধান বৈশিষ্ট্য
সরাসরি রাজনৈতিক বক্তব্য নয়, তবু তাঁর সময়সচেতনতা ও সামাজিক উপলব্ধির পেছনে এই অভিজ্ঞতার
প্রভাব অনস্বীকার্য। যা আমরা তার কবিতার বহু বিস্তার শাখায় দেখতে পাই। তার কবিজীবনের
সূচনা ষাটের দশকের সাহিত্যিক পরিবেশে। এই দশক বাংলাদেশের কবিতার ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ।
পাকিস্তানি শাসনব্যবস্থার বৈষম্য, ভাষা আন্দোলনের উত্তরাধিকার, বাঙালির স্বাধিকারচেতনা,
সামরিক শাসনের দমননীতি এবং সাংস্কৃতিক আত্মপরিচয়ের সংগ্রাম তখন সমাজজীবনকে গভীরভাবে
প্রভাবিত করছিল। একই সময়ে বিশ্বসাহিত্যে আধুনিকতাবাদ, অস্তিত্ববাদ, মনস্তাত্ত্বিক অনুসন্ধান
এবং ব্যক্তিসত্তার বিচ্ছিন্নতা নিয়ে ব্যাপক সাহিত্যিক পরীক্ষা-নিরীক্ষা চলছিল। বাংলাদেশের
কবিরাও নিজেদের অভিজ্ঞতার আলোকে নতুন কাব্যভাষা নির্মাণে সচেষ্ট হন। আবুল হাসান এই
পরিবর্তনশীল কাব্যপরিসরে আবির্ভূত হ’য়ে নিজস্ব অনুভূতি ও প্রকাশভঙ্গির মাধ্যমে দ্রুত
স্বাতন্ত্র্য অর্জন করেন। তাঁর কবিতায় সমকালীন রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা সরাসরি
উপস্থিত না থাকলেও সময়ের অস্থিরতা, মানুষের অনিশ্চয়তা এবং জীবন সম্পর্কে গভীর সংশয়
প্রতিনিয়ত অনুভূত হয়। তাঁর কাব্যজগতে ব্যক্তিমানুষ কখনো বিচ্ছিন্ন, কখনো প্রেমের প্রত্যাশায়
ব্যাকুল, কখনো অস্তিত্বের অর্থ খুঁজতে ব্যস্ত, আবার কখনো নিজের সীমাবদ্ধতার মুখোমুখি
দাঁড়িয়ে থাকে। এই মানুষ কোনো নির্দিষ্ট সময়ের প্রতিনিধি হয়েও সর্বকালের মানুষের অভিজ্ঞতার
অংশ হ’য়ে ওঠে। এখানেই আবুল হাসানের কবিতার কালোত্তীর্ণতা। সেই সাথে শিল্প ও কবিতার
চরম সার্থকতা, নিরপেক্ষ ভাবনার গভীর বিস্তার।
আবুল
হাসানের প্রথম কাব্যগ্রন্থ ‘রাজা যায় রাজা আসে’ প্রকাশিত হয় ১৯৭২ সালে। এই কাব্যগ্রন্থের
মধ্য দিয়ে তিনি বাংলা কবিতায় নিজের স্বতন্ত্র অবস্থান প্রতিষ্ঠা করেন। গ্রন্থটির নামের
মধ্যেই রয়েছে ইতিহাস, ক্ষমতা, পরিবর্তন এবং মানবজীবনের অনিবার্য পুনরাবৃত্তির একটি
তাৎপর্যপূর্ণ ইঙ্গিত। রাজা যায় রাজা আসে, ক্ষমতার কেন্দ্র বদলায়, শাসকের পরিচয় পরিবর্তিত
হয়, কিন্তু মানুষের মৌলিক দুঃখ, বঞ্চনা ও অস্তিত্বসংকট অনেক ক্ষেত্রেই অপরিবর্তিত থেকে
যায়। শিরোনামটি তাই কেবল রাজনৈতিক ক্ষমতার পালাবদলের ইঙ্গিত নয়; এটি সময়ের চক্রাকার
গতি এবং মানুষের জীবনে পরিবর্তনের অন্তর্গত সীমাবদ্ধতারও প্রতীক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের
পরবর্তী সময়ের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে এই শিরোনামের একটি তাৎপর্যপূর্ণ
সম্পর্ক অনুভব করা যায়। স্বাধীনতার মধ্য দিয়ে একটি জাতি নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল,
কিন্তু স্বাধীনতার পরও মানুষের প্রত্যাশা, বাস্তবতা ও প্রাপ্তির মধ্যে দূরত্ব থেকে
যায়। আবুল হাসান এই দূরত্বকে সরাসরি রাজনৈতিক ভাষ্যে সীমাবদ্ধ না রেখে কবিতার প্রতীকী
ও অনুভূতিনির্ভর জগতে রূপান্তরিত করেছেন। তাঁর কবিতায় ইতিহাসের সঙ্গে ব্যক্তিজীবনের
সম্পর্ক তৈরি হয়েছে অত্যন্ত স্বাভাবিকভাবে। ব্যক্তি যেন বৃহত্তর ইতিহাসের বাইরে নয়,
আবার ইতিহাসের সমস্ত ঘটনা ব্যক্তির অন্তর্জগতে এককভাবে ধরা পড়ে না। এই দ্বৈত অবস্থান
তাঁর কবিতার চিন্তাগত গভীরতা বৃদ্ধি করেছে। যা আমরা দেখতে পাই তার কবিতা জুড়ে। ঠিক
তার দু’বছর পর তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘যে তুমি হরণ করো’ প্রকাশিত হয় ১৯৭৪ সালে।
এই গ্রন্থের নামের মধ্যেই প্রেম, আকর্ষণ, আত্মসমর্পণ এবং হারিয়ে যাওয়ার এক জটিল অনুভূতি
নিহিত রয়েছে। এখানে প্রেম কেবল আনন্দ বা প্রাপ্তির বিষয় নয়; প্রেমের মধ্যে রয়েছে আত্মবিসর্জন,
অধিকার হারানো, নিজেকে অন্যের কাছে সমর্পণ করা এবং একই সঙ্গে নিজস্ব অস্তিত্বের সংকট
অনুভব করার অভিজ্ঞতা। আবুল হাসানের প্রেমের কবিতায় প্রিয় মানুষ কখনো বাস্তব, কখনো স্মৃতি,
কখনো কল্পনা, আবার কখনো এক অধরা আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর প্রেমচেতনা একমাত্রিক নয়।
প্রেমের মধ্যে যেমন আকুলতা রয়েছে, তেমনি রয়েছে বিচ্ছেদের বেদনা; যেমন আত্মনিবেদন রয়েছে,
তেমনি রয়েছে আত্মপরিচয় হারানোর ভয়। ফলে তাঁর প্রেমের কবিতা কেবল রোম্যান্টিক আবেগের
প্রকাশ হ’য়ে ওঠেনি; তা মানুষের মনস্তত্ত্বের গভীর ও জটিল অনুভূতির শিল্পিত প্রকাশে
পরিণত হয়েছে। তার কিছুদিন পর, তাঁর তৃতীয় কাব্যগ্রন্থ ‘পৃথক পালঙ্ক’ প্রকাশিত হয় ১৯৭৫
সালে। এই গ্রন্থে তাঁর কবিসত্তার পরিণত রূপ বিশেষভাবে লক্ষ করা যায়। ‘পৃথক পালঙ্ক’
নামটির মধ্যেই বিচ্ছিন্নতা, দূরত্ব, নিঃসঙ্গতা এবং ব্যক্তিগত সম্পর্কের অন্তর্গত শূন্যতার
ইঙ্গিত রয়েছে। একই ঘরে থেকেও মানুষের মধ্যে যে অদৃশ্য দূরত্ব তৈরি হয়, একই জীবনের অংশ
হয়েও যে মানুষ পরস্পরের কাছে অপরিচিত থেকে যায়, সেই অনুভূতির এক গভীর কাব্যিক প্রতীক
হ’য়ে উঠেছে ‘পৃথক পালঙ্ক’। এই গ্রন্থে প্রেম, মৃত্যু, ব্যক্তিসত্তা, সম্পর্কের ভাঙন
এবং অস্তিত্বের অনিশ্চয়তা পরস্পরের সঙ্গে মিশে গেছে।
আবুল
হাসানের কবিতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য তাঁর গভীর জীবনবোধ। তিনি জীবনকে কখনো একরৈখিকভাবে
দেখেননি। তাঁর কাছে জীবন একই সঙ্গে আনন্দময়, বিষাদপূর্ণ, আকাঙ্ক্ষাময় এবং অনিশ্চিত।
মানুষ বাঁচতে চায়, ভালোবাসতে চায়, স্বপ্ন দেখতে চায়, নিজের অস্তিত্বকে অর্থপূর্ণ ক’রে
তুলতে চায়; কিন্তু জীবনের বাস্তবতা প্রায়ই মানুষের প্রত্যাশাকে ব্যর্থ ক’রে। এই ব্যর্থতা
থেকেই জন্ম নেয় বিষাদ, আত্মজিজ্ঞাসা এবং অস্তিত্বের সংকট। আবুল হাসানের কবিতায় এই সংকট
কোনো তাত্ত্বিক আলোচনার বিষয় নয়; বরং এটি জীবনের প্রত্যক্ষ অনুভূতি। তাঁর কবিতার মানুষ
নিজের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে প্রশ্ন ক’রে, অন্য মানুষের সঙ্গে সম্পর্কের সীমাবদ্ধতা
অনুভব ক’রে এবং পৃথিবীর কাছে নিজের অবস্থান নির্ধারণ করতে গিয়ে এক ধরনের নিঃসঙ্গতার
মুখোমুখি হয়। এই নিঃসঙ্গতা নিছক একাকিত্ব নয়; এটি অস্তিত্বের গভীরে অবস্থিত এমন এক
অভিজ্ঞতা, যা মানুষের সামাজিক অবস্থান বা বাহ্যিক সম্পর্কের দ্বারা সম্পূর্ণ দূর করা
যায় না। মানুষ ভিড়ের মধ্যেও একা হতে পারে, ভালোবাসার মধ্যেও বিচ্ছিন্ন হতে পারে, পরিচিত
পৃথিবীর মধ্যেও অপরিচিত বোধ করতে পারে। আবুল হাসান এই অভিজ্ঞতাকে অসাধারণ সংবেদনশীলতায়
কবিতায় প্রকাশ করেছেন। তাঁর কবিতায় বিষণ্নতা তাই কোনো দুর্বলতার পরিচায়ক নয়; বরং এটি
জীবনের গভীর উপলব্ধি থেকে জন্ম নেওয়া এক ধরনের সচেতনতা। তিনি জীবনের অন্ধকারকে প্রত্যক্ষ
করেছেন বলেই জীবনের আলোর আকাঙ্ক্ষাও তাঁর কবিতায় এত তীব্র ভাবে বেজে উঠে। তাঁর কবিতায়
‘মৃত্যুচেতনা’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাংলা কবিতায় ‘মৃত্যু’ নিয়ে বহু কবিতা
লেখা হয়েছে। কিন্তু আবুল হাসানের কবিতায় মৃত্যু কেবল জীবনের শেষ পরিণতি নয়; এটি জীবনের
প্রতিটি মুহূর্তের মধ্যে উপস্থিত এক অনিবার্য বাস্তবতা। তাঁর কবিতার মানুষ মৃত্যুকে
দূরের কোনো ঘটনা হিসেবে দেখে না। বরং জীবনযাপনের প্রতিটি অনুভূতির মধ্যে মৃত্যুর সম্ভাবনা
অনুভব ক’রে। প্রেমের মধ্যে বিচ্ছেদের আশঙ্কা, আনন্দের মধ্যে ক্ষয়ের বোধ, স্বপ্নের মধ্যে
ব্যর্থতার সম্ভাবনা এবং জীবনের মধ্যে সময়ের অবিরাম ফুরিয়ে যাওয়ার অনুভূতি তাঁর মৃত্যুচেতনাকে
গভীর করেছে। তাঁর বিখ্যাত কবিতা ‘আবুল হাসান’ এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য-
সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে,
উজ্জ্বলতা ধরে আর্দ্র,
মায়াবী করুণ
এটা সেই পাথরের নাম নাকি? এটা তাই?
এটা কি পাথর নাকি কোনো নদী? উপগ্রহ? কোনো রাজা?
পৃথিবীর তিনভাগ জলের সমান কারো কান্নাভেজা চোখ?
মহাকাশে ছড়ানো ছয়টি তারা? তীব্র তীক্ষ্ণ তমোহর
কী অর্থ বহন করে এই সব মিলিত অক্ষর?
আমি বহুদিন একা একা প্রশ্ন করে দেখেছি
নিজেকে,
যারা খুব হৃদয়ের কাছাকাছি থাকে, যারা এঘরে ওঘরে যায়
সময়ের সাহসী সন্তান যারা সভ্যতার সুন্দর প্রহরী
তারা কেউ কেউ বলেছে আমাকে—
এটা তোর জন্মদাতা জনকের জীবনের রুগ্ণ রূপান্তর,
একটি নামের মধ্যে নিজেরি বিস্তার ধরে রাখা,
তুই যার অনিচ্ছুক দাস!
হয়তো যুদ্ধের নাম, জ্যোৎস্নায় দুরন্ত
চাঁদে ছুঁয়ে যাওয়া,
নীল দীর্ঘশ্বাস কোনো মানুষের!
সত্যিই কি মানুষের?
তবে কি সে মানুষের সাথে সম্পর্কিত
ছিল, কোনোদিন
ভালোবেসেছিল সেও যুবতীর বামহাতে পাঁচটি আঙুল?
ভালোবেসেছিল ফুল, মোমবাতি, শিরস্ত্রাণ, আলোর ইশকুল?
কবিতাটিতে
আত্মপরিচয়, অস্তিত্বের সংকট এবং মৃত্যুচেতনা এক অভিনব কাব্যিক বিন্যাসে প্রকাশিত হয়েছে।
কবিতার আত্মসচেতন কণ্ঠস্বর নিজের পরিচয়কে স্থির ও নিশ্চিত কোনো সত্তা হিসেবে উপস্থাপন
করে না; বরং পরিচয়ের ভেতরেই এক ধরনের বিভাজন, অনিশ্চয়তা ও নাটকীয়তা তৈরি ক’রে। তিনি
নিজের নামকে কবিতার বিষয় ক’রে তোলার মধ্য দিয়ে ব্যক্তিমানুষ এবং কবিসত্তার সম্পর্ক
নিয়ে এক গভীর প্রশ্ন উত্থাপন করেছেন। এখানে আত্মপরিচয় যেন একই সঙ্গে উপস্থিত এবং অনুপস্থিত,
দৃশ্যমান এবং অধরা। নিজের নাম উচ্চারণের মধ্য দিয়ে কবি নিজের অস্তিত্বকে প্রতিষ্ঠা
করতে চান, আবার সেই অস্তিত্বের ভঙ্গুরতাও প্রকাশ করেন। ফলে কবিতাটি ব্যক্তিগত আত্মকথন
অতিক্রম ক’রে মানুষের অস্তিত্বের এক সর্বজনীন প্রশ্নে পরিণত হয়েছে। মানুষ কে, তার পরিচয়ের
ভিত্তি কোথায়, তার জীবন কতখানি তার নিজের এবং মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সে নিজের অস্তিত্বকে
কীভাবে উপলব্ধি করে, এই প্রশ্নগুলো কবিতাটির অন্তর্গত দার্শনিক তাৎপর্য নির্মাণ করেছে।
শুধু এই কবিতা নয়, তার স্পষ্ট চিহ্ন আমরা দেখতে পাই আরও কিছু কবিতায়।
আবুল
হাসানের কবিতায় আত্মপরিচয়ের সংকট আধুনিক মানুষের অন্যতম প্রধান সংকট হিসেবে প্রতিভাত
হয়েছে। আধুনিক সমাজে মানুষের পরিচয় কেবল জন্ম, পরিবার, পেশা কিংবা সামাজিক অবস্থানের
দ্বারা নির্ধারিত হয় না; ব্যক্তিমানুষ ক্রমাগত নিজের পরিচয় নির্মাণ ক’রে; এবং সেই পরিচয়ের
যথার্থতা নিয়েও সংশয়ে ভোগে। আবুল হাসানের কবিতায় এই আত্মসংশয় বিশেষভাবে লক্ষণীয়। তাঁর
কবিতার মানুষ কখনো নিজের কাছেই অপরিচিত হ’য়ে ওঠে। সে নিজের আকাঙ্ক্ষা, অনুভূতি ও সীমাবদ্ধতার
সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত থাকে। এই দ্বন্দ্ব থেকে তৈরি হয় এক ধরনের অন্তর্গত নাটকীয়তা।
তাঁর কবিতায় ‘আমি’ কখনো ব্যক্তিগত অভিজ্ঞতার ধারক, কখনো সমগ্র মানবজাতির প্রতিনিধি,
আবার কখনো এমন এক অনির্দিষ্ট সত্তা, যার পরিচয় নির্ধারণ করা কঠিন। এই ‘আমি’-এর বহুমাত্রিকতা
তাঁর কবিতাকে আত্মকেন্দ্রিকতার সীমা অতিক্রম করতে সাহায্য করেছে। ব্যক্তিগত যন্ত্রণা,
যখন শিল্পের ভাষায় রূপান্তরিত হয়, তখন তা পাঠকের ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে সংযোগ স্থাপন
করতে পারে। আবুল হাসানের কবিতায় এই রূপান্তর অত্যন্ত সফল। তিনি নিজের অনুভূতিকে এমনভাবে
প্রকাশ করেছেন, যাতে পাঠক সেখানে নিজের অনুভূতির প্রতিধ্বনি খুঁজে পান। তাঁর কবিতার
‘আমি’ তাই শুধু কবির নিজস্ব সত্তা নয়; এটি আধুনিক মানুষের একাকিত্ব, দ্বিধা ও আত্মঅনুসন্ধানের
সম্মিলিত প্রতিরূপ।
‘প্রেম’
আবুল হাসানের কবিতার আরেকটি প্রধান অনুষঙ্গ। তাঁর প্রেমের কবিতায় আবেগের তীব্রতা থাকলেও
তা কখনো সরল আবেগপ্রবণতায় পর্যবসিত হয় না। ‘প্রেম’ তাঁর কাছে একই সঙ্গে আকর্ষণ, আত্মসমর্পণ,
অধিকারবোধ, বিচ্ছেদ, স্মৃতি এবং অনুপস্থিতির অভিজ্ঞতা। প্রিয় মানুষের উপস্থিতি যেমন
আনন্দের জন্ম দেয়, তেমনি সেই মানুষকে হারানোর আশঙ্কা প্রেমের গভীরে বিষাদের জন্ম দেয়।
তাঁর কবিতায় প্রেমিকসত্তা কখনো প্রিয়জনের কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করতে চায়,
আবার কখনো নিজের অস্তিত্বের স্বাতন্ত্র্য রক্ষা করতে চায়। এই দ্বন্দ্ব প্রেমকে জটিল
ও মানবিক ক’রে তুলেছে। আবুল হাসানের প্রেমের কবিতায় ‘নারী’ কখনো কেবল সৌন্দর্যের প্রতিমূর্তি নয়; তিনি আকাঙ্ক্ষার
কেন্দ্র, স্মৃতির উৎস, জীবনের অনিবার্য অনুপস্থিতি এবং কখনো কখনো আত্মপরিচয়ের সংকটেরও
কারণ। প্রেমের মধ্য দিয়ে কবি মানুষের অন্তর্গত দুর্বলতা ও আকাঙ্ক্ষাকে প্রকাশ করেন।
তাঁর প্রেমের কবিতায় শরীরী অনুভূতির পাশাপাশি মানসিক ও অস্তিত্বগত অভিজ্ঞতারও গভীর
উপস্থিতি রয়েছে। প্রেমের সম্পর্ক যখন ভেঙে যায়, তখন শুধু একজন মানুষ হারিয়ে যায় না;
হারিয়ে যায় সম্পর্ককে ঘিরে নির্মিত একটি স্বপ্নের পৃথিবীও। এই হারানোর বেদনা তাঁর কবিতায়
গভীর শিল্পিত রূপ লাভ করেছে। তাঁর প্রেম তাই ব্যক্তিগত হয়েও সর্বজনীন, আকাঙ্ক্ষাময়
হয়েও বিষাদঘন এবং আবেগপূর্ণ হয়েও বুদ্ধিবৃত্তিক অনুসন্ধানে সমৃদ্ধ।
আবুল
হাসানের কবিতার নান্দনিকতার একটি গুরুত্বপূর্ণ দিক হলো বিষাদ ও সৌন্দর্যের মেলবন্ধন।
সাধারণত বিষাদকে আমরা সৌন্দর্যের বিপরীত অনুভূতি হিসেবে বিবেচনা করি; কিন্তু আবুল হাসানের
কবিতায় বিষাদ নিজেই সৌন্দর্যের উৎস হ’য়ে ওঠে। তাঁর কবিতায় যে দুঃখ, যে বিচ্ছেদ, যে
মৃত্যুচেতনা, তা পাঠককে কেবল বেদনাহত করে না; বরং এক ধরনের গভীর সৌন্দর্যবোধের মুখোমুখি
দাঁড় করায়। এই সৌন্দর্য বাহ্যিক অলংকারের সৌন্দর্য নয়; এটি অনুভূতির সত্যতা ও প্রকাশের
গভীরতা থেকে জন্ম নেওয়া সৌন্দর্য। তাঁর কবিতায় কোনো বিষণ্ন দৃশ্য কখনো এত নিবিড়ভাবে
নির্মিত হয় যে তা পাঠকের কাছে এক ধরনের নান্দনিক পরিতৃপ্তি তৈরি ক’রে। এই পরিতৃপ্তি
দুঃখের অবসান থেকে আসে না; আসে দুঃখকে শিল্পের মাধ্যমে উপলব্ধি করার ক্ষমতা থেকে। আবুল
হাসানের কবিতা পাঠককে শেখায় যে; মানুষের বেদনাও শিল্পের উপাদান হতে পারে, জীবনের ক্ষয়ও
সৌন্দর্যের জন্ম দিতে পারে এবং মৃত্যুর সচেতনতাও জীবনের প্রতি ভালোবাসাকে গভীরতর করতে
পারে। তাঁর কবিতার এই বিষাদসৌন্দর্য বাংলা আধুনিক কবিতায় একটি স্বতন্ত্র মাত্রা সংযোজন
করেছে।
আবুল
হাসানের কাব্যভাষা তাঁর নান্দনিক পরিচয়ের অন্যতম প্রধান ভিত্তি। তাঁর ভাষায় একদিকে
রয়েছে সহজতা, অন্যদিকে রয়েছে জটিল অনুভূতির গভীরতা। তিনি এমন কোনো কৃত্রিম ভাষা নির্মাণ
করেননি, যা সাধারণ পাঠকের অনুভূতির জগৎ থেকে বিচ্ছিন্ন। আবার তাঁর ভাষা নিছক কথ্য বা
সরল বিবরণও নয়। পরিচিত শব্দকে নতুন সম্পর্কের মধ্যে স্থাপন করে তিনি সৃষ্টিশীল অর্থের
জন্ম দিয়েছেন। তাঁর কবিতার বাক্যগঠন অনেক সময় কথোপকথনের মতো স্বাভাবিক, কিন্তু সেই
স্বাভাবিকতার মধ্যেই লুকিয়ে থাকে গভীর কাব্যিক তাৎপর্য। তিনি শব্দের প্রচলিত অর্থকে
অস্বীকার না করেও তার মধ্যে নতুন অনুভূতির সঞ্চার করতে সক্ষম হয়েছেন। তাঁর কবিতায় শব্দের
সংগঠন, বাক্যের ছন্দ, বিরতি এবং ধ্বনিগত বৈশিষ্ট্য একত্রে কাজ করে। ফলে কবিতার অর্থ
কেবল শব্দের আক্ষরিক অর্থে সীমাবদ্ধ থাকে না; তার উচ্চারণভঙ্গি ও ধ্বনিগত আবহও পাঠকের
অনুভূতিকে প্রভাবিত করে। তাঁর ভাষায় কখনো কোমলতা, কখনো তীব্রতা, কখনো ব্যঙ্গ, কখনো
অসহায়তা, আবার কখনো এক ধরনের নীরব বিষণ্নতা প্রকাশিত হয়। এই বহুমাত্রিক ভাষাগত বৈশিষ্ট্য
তাঁকে সমকালীন অনেক কবির থেকে পৃথক করেছে।
আবুল
হাসানের কবিতায় নগরজীবনের অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ। ঢাকা শহরের জীবন, মানুষের ভিড়, সামাজিক
সম্পর্কের জটিলতা, ব্যক্তিমানুষের বিচ্ছিন্নতা এবং আধুনিক নাগরিক সভ্যতার অন্তর্গত
শূন্যতা তাঁর কবিতার অনুভূতিগত পরিসরকে প্রভাবিত করেছে। শহর মানুষের সামনে অসংখ্য সুযোগ
ও সম্পর্কের সম্ভাবনা তৈরি করলেও একই সঙ্গে তাকে বিচ্ছিন্ন ও একাকী ক’রে তুলতে পারে।
শহরের ভিড়ের মধ্যে মানুষ অনেক সময় নিজের পরিচিত পরিবেশ থেকে বিচ্ছিন্ন হ’য়ে প’ড়ে। সামাজিক
যোগাযোগ বৃদ্ধি পেলেও মানসিক ঘনিষ্ঠতা কমে যেতে পারে। আবুল হাসানের কবিতায় এই নাগরিক
নিঃসঙ্গতার অনুভূতি নানা প্রতীক ও চিত্রকল্পের মাধ্যমে প্রকাশিত হয়েছে। তাঁর কবিতার
মানুষ কখনো ঘরের মধ্যে থেকেও একা, কখনো সম্পর্কের মধ্যে থেকেও বিচ্ছিন্ন, আবার কখনো
নিজের স্মৃতি ও আকাঙ্ক্ষার মধ্যে আবদ্ধ। এই অভিজ্ঞতা আধুনিক নাগরিক মানুষের অভিজ্ঞতার
সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তবে তাঁর নগরচেতনা কেবল শহরের দৃশ্য বা স্থাপত্যের বর্ণনায়
সীমাবদ্ধ নয়; বরং শহরকে তিনি মানুষের মনস্তাত্ত্বিক অবস্থার একটি প্রতীকী পরিসর হিসেবে
ব্যবহার করেছেন। শহরের বহিরঙ্গ এবং মানুষের অন্তর্জগতের মধ্যে যে অদৃশ্য সম্পর্ক রয়েছে,
তাঁর কবিতায় সেই সম্পর্কের শিল্পিত প্রকাশ লক্ষ করা যায়।
আবুল
হাসানের কবিতায় দেশ ও সমাজচেতনা এক গুরুত্বপূর্ণ অন্তঃস্রোত হিসেবে প্রবাহিত। তিনি
এমন এক সময়ের কবি, যখন বাঙালি জাতি রাজনৈতিক অধিকার, সাংস্কৃতিক স্বাতন্ত্র্য এবং স্বাধীনতার
জন্য দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে
এক অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসে। স্বাধীনতার পর মানুষের সামনে নতুন রাষ্ট্র, নতুন সমাজ
এবং নতুন জীবনের স্বপ্ন উন্মোচিত হয়। কিন্তু স্বাধীনতার পরবর্তী বাস্তবতা ছিল জটিল
ও বৈপরীত্যপূর্ণ। রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট, সামাজিক বৈষম্য এবং মানুষের প্রত্যাশার
সঙ্গে বাস্তবতার সংঘাত নতুন ধরনের হতাশা তৈরি করে। তাঁর কবিতায় ক্ষমতা, ইতিহাস, পরিবর্তন
এবং মানুষের অবস্থান নিয়ে যে প্রশ্ন উঠে আসে, তা সমকালীন সমাজের অন্তর্গত সংকটের সঙ্গে
সম্পর্কিত। তবে তাঁকে সরাসরি রাজনৈতিক স্লোগানের কবি বলা যায় না। তাঁর রাজনৈতিক চেতনা
অনেক বেশি মানবিক ও অস্তিত্বগত। তিনি মানুষের দুঃখ, বঞ্চনা, অনিশ্চয়তা এবং স্বাধীনতার
প্রকৃত অর্থ নিয়ে ভাবিত ছিলেন। তাঁর কবিতায় স্বাধীনতা শুধু রাষ্ট্রীয় স্বাধীনতার ধারণা
নয়; এটি মানুষের আত্মমর্যাদা, ব্যক্তিস্বাধীনতা এবং নিজের অস্তিত্বকে অর্থপূর্ণ ক’রে
তোলার আকাঙ্ক্ষার সঙ্গেও সম্পর্কিত। এই মানবিক দৃষ্টিভঙ্গিই তাঁর কবিতাকে সময়ের সীমা
অতিক্রম করার শক্তি দিয়েছে।
আবুল
হাসানের কবিতায় প্রকৃতি একটি গুরুত্বপূর্ণ নান্দনিক উপাদান। প্রকৃতি তাঁর কাছে নিছক
সৌন্দর্য উপভোগের বিষয় নয়; বরং মানুষের মনোজগতের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত একটি অনুভূতির
পরিসর। নদী, আকাশ, মেঘ, বৃষ্টি, রোদ, সন্ধ্যা, রাত কিংবা ঋতুবৈচিত্র্য তাঁর কবিতায়
মানুষের আবেগ ও অস্তিত্বের প্রতীক হ’য়ে ওঠে। প্রকৃতির কোনো একটি দৃশ্যের মধ্যে তিনি
কখনো জীবনের ক্ষণস্থায়িত্ব, কখনো স্মৃতির মায়া, কখনো বিচ্ছেদের বেদনা এবং কখনো আশার
সম্ভাবনা আবিষ্কার করেন। তাঁর প্রকৃতিচেতনায় গ্রামীণ বাংলার স্মৃতি ও আধুনিক মানুষের
মানসিক অভিজ্ঞতা পরস্পরের সঙ্গে মিশে আছে। প্রকৃতি কখনো মানুষের আশ্রয়, কখনো স্মৃতির
বাহন, আবার কখনো মানুষের নিঃসঙ্গতার নীরব সাক্ষী। তাঁর কবিতার প্রকৃতি তাই সম্পূর্ণ
মানবিক অনুভূতিতে সঞ্জীবিত। প্রকৃতির দৃশ্যমান রূপ এবং মানুষের অন্তর্গত অনুভূতির মধ্যে
যে সম্পর্ক তিনি নির্মাণ করেন, তা তাঁর চিত্রকল্পকে গভীর ও তাৎপর্যপূর্ণ ক’রে তোলে।
প্রকৃতির পরিবর্তনের মধ্যে তিনি জীবনের পরিবর্তন দেখতে পান; ঋতুর আগমন ও প্রস্থানের
মধ্যে মানুষের জীবনচক্রের ইঙ্গিত খুঁজে পান। ফলে প্রকৃতি তাঁর কবিতায় একদিকে বাস্তব
জগতের অংশ, অন্যদিকে মানুষের অস্তিত্ব উপলব্ধির একটি নান্দনিক মাধ্যম।
তাঁর
কবিতার আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো স্মৃতিচেতনা। মানুষের জীবন কেবল বর্তমানের
অভিজ্ঞতায় গঠিত হয় না; অতীতের স্মৃতি, হারানো সম্পর্ক, অপূর্ণ আকাঙ্ক্ষা এবং অতীতের
নানা মুহূর্ত বর্তমানকে ক্রমাগত প্রভাবিত ক’রে। আবুল হাসানের কবিতায় স্মৃতি কখনো আশ্রয়,
কখনো যন্ত্রণা, কখনো হারানো সময়ের প্রতি আকুলতা, আবার কখনো অস্তিত্বের পরিচয় নির্মাণের
উপাদান। স্মৃতির মধ্যে মানুষ নিজের অতীতকে ফিরে পেতে চায়, কিন্তু অতীত কখনো সম্পূর্ণভাবে
ফিরে আসে না। স্মৃতির সঙ্গে বাস্তবতার দূরত্ব তৈরি হয় এবং সেই দূরত্ব থেকেই জন্ম নেয়
বিষাদ। তাঁর কবিতায় এই স্মৃতিময় বিষণ্নতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কোনো হারানো মানুষ,
কোনো পুরোনো সম্পর্ক কিংবা কোনো অতীত মুহূর্ত কবিতায় উপস্থিত হলে তা কেবল ব্যক্তিগত
স্মৃতির পুনরাবৃত্তি হ’য়ে থাকে না; বরং মানুষের হারানোর অভিজ্ঞতার সর্বজনীন প্রতীকে
পরিণত হয়। স্মৃতির এই নান্দনিক রূপান্তর তাঁর কবিতাকে আবেগঘন করেছে। তিনি অতীতকে নিছক
নস্টালজিয়ার বিষয় হিসেবে ব্যবহার করেননি; বরং অতীতের সঙ্গে বর্তমানের সংঘাতের মধ্য
দিয়ে মানুষের অস্তিত্বের জটিলতা প্রকাশ করেছেন। এখানে আমরা মনে করতে পারি তার ‘স্মৃতি
কথা’ কবিতাটির কথা-
যে বন্ধুরা কৈশোরে নারকেল বনের পাশে
বসে
আত্মহত্যার মতো বিষণ্ন উপায়ে উষ্ণ মেয়েদের গল্প কোরতো
শীতকালে চাঁদের মতোন গোল বোতামের কোট পড়ে
ঘুরতো পাড়ায়,
যে বন্ধুরা থিয়েটারে পার্ট কোরতো,
কেউ সাজতো মীরজাফর, কেউবা সিরাজ
তারা আজ, এখন কোথায়?
রোমেনা যে পড়াতো ইশকুলে ছোট মনিদের
বিদ্যালয়ে
রোমেনা যে বুদ্ধদেব বসুর উপন্যাস পড়ে তার
নায়িকার মতো জ্বরে ভুগতো,
আর মিহি শরীরের সাথে মিল রেখে
কপালে পরতো টিপ,
শাদা কোমরের কাছে দীর্ঘচুল ঝুলিয়ে রাখতো
ব্লু কালারের ব্যাগ,
দু’বৎসর আগে শুনেছি বিবাহ হ’য়ে গেছে
তার,
এখন কোথায়?
রুনী তার মাতাল স্বামীর কাছে না গিয়ে
নিজেই একরাতে
একে একে শূন্যতায় সলজ্জ কাপড়গুলি খুলে ফেলে কুয়াশায়
উন্মাদিনী কোথায় পালালো!
নিজস্ব ভ্রুণের হত্যা গেঁথে দিয়েছিল তাকে মানসিক হাসপাতালের এক কোণে!
কোথায় সে? এখন কোথায়?
অনেকেই চলে গেছে, অনেক নারকেল গাছ
হয়ে গেছে বুড়ো
অনেক প্রাঙ্গণ থেকে উঠে গেছে
গোলাপ চারার মতো সুন্দর বয়সমাখা প্রসিদ্ধা তরুণী,
মধ্যরাতে নারকেল বনের কাছে ভেঙে যায়
আমারও গল্পগুলি
স্মৃতিকথা সেখানে নিশ্চুপ!
আবুল
হাসানের কবিতার অন্যতম গভীর দিক হলো তাঁর দার্শনিকতা। তাঁর কবিতায় জীবন, মৃত্যু, সময়,
পরিচয়, ভালোবাসা, অস্তিত্ব এবং মানুষের সীমাবদ্ধতা নিয়ে যে প্রশ্ন উত্থাপিত হয়েছে,
তা দার্শনিক চিন্তার সঙ্গে সম্পর্কিত। তবে তিনি কোনো দার্শনিক মতবাদকে কবিতার মধ্যে
সরাসরি প্রতিষ্ঠা করতে চাননি। তাঁর দার্শনিকতা এসেছে জীবনকে প্রত্যক্ষ করার অভিজ্ঞতা
থেকে। তিনি অনুভব করেছেন, মানুষ পৃথিবীতে আসে, ভালোবাসে, স্বপ্ন দেখে, সম্পর্ক গড়ে
তোলে, ব্যর্থ হয়, বিচ্ছিন্ন হয় এবং একসময় মৃত্যুর মুখোমুখি দাঁড়ায়। এই অনিবার্য জীবনপ্রবাহের
মধ্যে মানুষের স্বাধীনতা কতখানি, তার পরিচয় কতটা স্থায়ী এবং জীবনের অর্থ কোথায়, এসব
প্রশ্ন তাঁর কবিতার অন্তর্গত। তাঁর কবিতায় কোনো চূড়ান্ত উত্তর পাওয়া যায় না; বরং প্রশ্নগুলো
আরও গভীর হয়ে ওঠে। এই প্রশ্নমুখরতা তাঁর কবিতাকে চিন্তাশীল পাঠকের কাছে বিশেষভাবে আকর্ষণীয়
করে তোলে। তিনি পাঠককে কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছে দিতে চান না; বরং পাঠকের সামনে
এমন এক অনুভূতির জগৎ উন্মুক্ত করেন, যেখানে পাঠক নিজেই নিজের অস্তিত্ব ও জীবন সম্পর্কে
ভাবতে বাধ্য হন। এই বৈশিষ্ট্য তাঁর কবিতাকে কেবল আবেগনির্ভর সাহিত্য হিসেবে সীমাবদ্ধ
রাখেনি; বরং তা বুদ্ধিবৃত্তিক ও নান্দনিক অনুসন্ধানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ক’রে
তুলেছে।
আবুল
হাসানের কবিতায় আত্মবিনাশের আকাঙ্ক্ষা ও জীবনকে আঁকড়ে ধরার প্রবণতা কখনো কখনো পাশাপাশি
অবস্থান ক’রে। এই বৈপরীত্য তাঁর কবিসত্তার গভীর মানসিক জটিলতার পরিচায়ক। তাঁর কবিতার
মানুষ জীবন থেকে পালাতে চায়, আবার জীবনকে হারাতেও চায় না। সে মৃত্যুকে অনুভব করে, কিন্তু
জীবনের সৌন্দর্য ও প্রেমের আকর্ষণ থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পারে না। এই দ্বন্দ্ব
আধুনিক মানুষের অস্তিত্বগত সংকটের একটি গুরুত্বপূর্ণ প্রকাশ। জীবনের প্রতি গভীর আকর্ষণ
থাকলেই যে মানুষ সবসময় সুখী হবে, তা নয়; অনেক সময় জীবনের প্রতি তীব্র ভালোবাসাই জীবনের
ক্ষয় ও বিচ্ছেদের বেদনাকে আরও তীব্র ক’রে তোলে। আবুল হাসানের কবিতায় এই অনুভূতি বিশেষভাবে
লক্ষণীয়। তাঁর বিষাদ তাই জীবনবিমুখতার সমার্থক নয়। বরং জীবনের গভীর আকর্ষণ থেকেই তাঁর
বিষাদের জন্ম। তিনি জীবনকে প্রত্যাখ্যান করেননি; বরং জীবনের অপূর্ণতা, ক্ষণস্থায়িত্ব
ও অনিবার্য সীমাবদ্ধতার মুখোমুখি দাঁড়িয়ে তাকে আরও গভীরভাবে উপলব্ধি করেছেন।
বাংলা
আধুনিক কবিতার ধারায় আবুল হাসানের অবস্থান নির্ধারণ করতে গেলে তাঁর সমকালীন কবিদের
সঙ্গে তাঁর সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিবেচনা করা প্রয়োজন। আবুল হাসান সেই কবিদের সঙ্গে
একই সময়ের সাহিত্যিক পরিসরে অবস্থান করলেও তাঁর কাব্যভাষা ও অনুভূতির জগৎ স্বতন্ত্র।
তাঁর কবিতায় ব্যক্তিগত বিষাদ, মৃত্যুচেতনা, আত্মপরিচয়ের সংকট এবং প্রেমের জটিলতা বিশেষ
গুরুত্ব পেয়েছে। তিনি নগরজীবনের অভিজ্ঞতা ধারণ করেছেন, কিন্তু সেই অভিজ্ঞতাকে প্রধানত
অন্তর্জগতের ভাষায় প্রকাশ করেছেন। তাঁর কবিতায় রাজনৈতিক বাস্তবতা উপস্থিত থেকেছে, কিন্তু
তা অধিকাংশ ক্ষেত্রে ব্যক্তিমানুষের অস্তিত্বসংকটের সঙ্গে মিশে গেছে। ফলে তাঁর কবিতা
একই সঙ্গে ব্যক্তিগত ও সামাজিক, অনুভূতিনির্ভর ও চিন্তামূলক, বিষাদঘন ও নান্দনিক।
আবুল
হাসানের কবিতার একটি বিশেষ গুণ হলো নাটকীয়তা। তাঁর অনেক কবিতায় বক্তব্যের ভেতরে এমন
এক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়, যেখানে কবি নিজের সঙ্গে কথা বলেন, নিজের অস্তিত্বকে প্রশ্ন
করেন অথবা কোনো অদৃশ্য সত্তার মুখোমুখি দাঁড়ান। এই নাটকীয়তা তাঁর কবিতাকে এক ধরনের
সংলাপধর্মী প্রাণশক্তি দিয়েছে। কখনো মনে হয় কবি পাঠকের সঙ্গে কথা বলছেন, কখনো মনে হয়
তিনি নিজের অন্তর্জগতের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত, আবার কখনো মনে হয় তাঁর কবিতার ভেতরে
একাধিক সত্তা পরস্পরের সঙ্গে কথা বলছে। এই বহুস্বরিকতা তাঁর কবিতাকে একমাত্রিক বক্তব্যের
সীমা থেকে মুক্ত করেছে। বিশেষ করে আত্মপরিচয় ও মৃত্যুচেতনানির্ভর কবিতাগুলোতে এই নাটকীয়
বিন্যাস গভীর তাৎপর্য বহন ক’রে। তাঁর কবিতার বক্তব্য অনেক সময় সরাসরি না এসে পরোক্ষভাবে
প্রকাশিত হয়। কোনো একটি প্রশ্ন, কোনো একটি অপ্রত্যাশিত উচ্চারণ অথবা কোনো একটি বৈপরীত্য
পাঠকের সামনে নতুন অর্থের দরজা খুলে দেয়। এই নাটকীয়তা তাঁর কবিতার নান্দনিক শক্তিকে
বহুগুণে বৃদ্ধি করেছে।
তাঁর
কবিতার আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো বৈপরীত্যের ব্যবহার। আলো ও অন্ধকার, জীবন
ও মৃত্যু, প্রেম ও বিচ্ছেদ, উপস্থিতি ও অনুপস্থিতি, স্বপ্ন ও বাস্তবতা, পরিচয় ও অপরিচয়,
এই বিপরীত ধারণাগুলো তাঁর কবিতায় প্রায়ই পাশাপাশি অবস্থান ক’রে। এই বৈপরীত্য কেবল অলংকারগত
নয়; এটি তাঁর জীবনদর্শনেরই অংশ। তিনি উপলব্ধি করেছেন, মানুষের জীবন একক কোনো অনুভূতির
দ্বারা পরিচালিত হয় না। মানুষ একই সঙ্গে আনন্দিত ও বিষণ্ন হতে পারে, ভালোবাসতে পারে
এবং ঘৃণার অভিজ্ঞতা অর্জন করতে পারে, জীবনের প্রতি আকৃষ্ট থেকেও মৃত্যুর কথা ভাবতে
পারে। এই জটিলতা মানুষের অস্তিত্বকে গভীর করে। আবুল হাসান তাঁর কবিতায় এই জটিলতাকে
সরলীকরণ করেননি। বরং বৈপরীত্যের মধ্য দিয়েই মানুষের বহুমাত্রিক সত্তাকে প্রকাশ করেছেন।
তাঁর কবিতার এই বৈশিষ্ট্য আধুনিকতাবাদী শিল্পচেতনার সঙ্গে সম্পর্কিত হলেও এর ভিত্তি
মানবজীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা। ফলে তাঁর বৈপরীত্য কৃত্রিম বা তাত্ত্বিক মনে হয় না;
তা জীবনের স্বাভাবিক দ্বন্দ্বেরই কাব্যিক রূপ।
আবুল
হাসানের কবিতায় নীরবতার ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কবিতায় সব কথা সরাসরি বলা প্রয়োজন
হয় না; অনেক সময় না-বলা কথার মধ্যেই সবচেয়ে গভীর অনুভূতি প্রকাশিত হয়। আবুল হাসান এই
নীরবতার শিল্পকে বিশেষভাবে আয়ত্ত করেছিলেন। তাঁর কবিতায় কোনো কোনো অনুভূতি সম্পূর্ণভাবে
ব্যাখ্যা করা হয় না; বরং ইঙ্গিত, বিরতি, অসমাপ্ত বাক্য কিংবা প্রতীকী চিত্রের মধ্য
দিয়ে তা পাঠকের কাছে পৌঁছে দেওয়া হয়। এই অসমাপ্তির মধ্যে একটি বিশেষ নান্দনিক শক্তি
রয়েছে। পাঠককে কবিতার অর্থ নির্মাণে অংশগ্রহণ করতে হয়। ফলে কবিতা কেবল কবির অভিজ্ঞতার
প্রকাশ থাকে না; তা পাঠকের নিজস্ব অভিজ্ঞতা ও অনুভূতির সঙ্গেও যুক্ত হ’য়ে ওঠে। তাঁর
কবিতায় নীরবতা কখনো অসহায়তার, কখনো বিচ্ছেদের, কখনো মৃত্যুচিন্তার, আবার কখনো গভীর
প্রেমের ভাষা হ’য়ে উঠেছে। এই নীরবতার নান্দনিকতা তাঁর কবিতাকে আরও সংযত, গভীর ও বহুমাত্রিক
করেছে।
আবুল
হাসানের সাহিত্যিক অবদান শুধু তাঁর কবিতার বিষয়বৈচিত্র্যের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং
বাংলা কবিতার ভাষা ও প্রকাশরীতিতে তাঁর স্বতন্ত্র সংযোজনও বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি
দেখিয়েছেন, আধুনিক কবিতা রচনার জন্য জটিল শব্দ বা দুর্বোধ্য বাক্য নির্মাণ অপরিহার্য
নয়। সাধারণ শব্দের মধ্য দিয়েও গভীর দার্শনিক ও মনস্তাত্ত্বিক অনুভূতি প্রকাশ করা সম্ভব।
তিনি দেখিয়েছেন, ব্যক্তিগত বেদনা যখন যথাযথ শিল্পরূপ লাভ ক’রে, তখন তা ব্যক্তিগত সীমা
অতিক্রম ক’রে সর্বজনীন হ’য়ে ওঠে। তিনি দেখিয়েছেন, প্রেম ও মৃত্যুচেতনা পরস্পরের বিপরীত
বিষয় নয়; বরং একটির গভীর উপলব্ধি অন্যটির তাৎপর্যকে আরও স্পষ্ট ক’রে। তাঁর কবিতায় বিষয়বস্তুর
গভীরতা, ভাষার সংযম, চিত্রকল্পের অভিনবত্ব এবং অনুভূতির তীব্রতা এমনভাবে মিলিত হয়েছে
যে তা পাঠকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব সৃষ্টি ক’রে। তাঁর কবিতার পাঠক একবার পড়ে থেমে
যেতে পারেন না; বারবার ফিরে গিয়ে নতুন অর্থ ও অনুভূতি আবিষ্কার করেন। এই পুনঃপাঠের
সম্ভাবনাই একটি গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মের অন্যতম লক্ষণ।
জীবনের
অনিশ্চয়তা ও মৃত্যুর সম্ভাবনা তাঁর কবিতার অন্তর্গত মৃত্যুচেতনাকে আরও তাৎপর্যপূর্ণ
ক’রে তোলে। তবে তাঁর কবিতাকে কেবল অসুস্থতা বা মৃত্যুর পূর্বাভাস হিসেবে পাঠ করা উচিত
নয়। কারণ তাঁর কবিতার জীবনবোধ এর চেয়ে অনেক বিস্তৃত। তাঁর কবিতায় মৃত্যুচেতনা এসেছে,
এমন সরল সিদ্ধান্ত গ্রহণ করলে তাঁর শিল্পীসত্তার গভীরতা অনুধাবন করা সম্ভব হবে না।
মৃত্যুচেতনা তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত হলেও তা শিল্পের মাধ্যমে সর্বজনীন
মানবিক উপলব্ধিতে পরিণত হয়েছে। তাঁর জীবনের সীমাবদ্ধতা ও কবিতার ব্যাপ্তির মধ্যে যে
বৈপরীত্য রয়েছে, সেটিও তাঁর সাহিত্যিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ দিক।
তাঁর
কবিতায় যে ক্ষণস্থায়িত্ব, বিচ্ছেদ ও অস্তিত্বের ভঙ্গুরতার কথা উঠে এসেছে, তাঁর জীবন
যেন সেই উপলব্ধিরই এক করুণ বাস্তব প্রতিফলন। তবে তাঁর জীবনকে শুধু ট্র্যাজেডির দৃষ্টিতে
দেখলে তাঁর সৃষ্টিশীলতার ইতিবাচক শক্তি আড়ালে পড়ে যায়। তিনি অল্প সময়ে যে সাহিত্যিক
উচ্চতা অর্জন করেছেন, তা তাঁর প্রতিভার স্বতন্ত্র পরিচয় বহন ক’রে। জীবনের সময়সীমা ছোট
হলেও শিল্পের সময়সীমা দীর্ঘ হতে পারে, আবুল হাসানের জীবন ও সাহিত্য এই সত্যের একটি
উজ্জ্বল উদাহরণ। তাঁর কবিতার মধ্যে যে জীবনানুভূতি, সৌন্দর্যবোধ ও অস্তিত্বজিজ্ঞাসা
রয়েছে, তা নতুন প্রজন্মের পাঠককেও ভাবিত ক’রে।
আবুল
হাসানের কবিতার মূল্যায়নে একটি বিষয় বিশেষভাবে বিবেচ্য, তিনি কতখানি ব্যক্তিগত অভিজ্ঞতাকে
শিল্পের সার্বজনীনতায় উন্নীত করতে পেরেছেন। তাঁর কবিতার অনেক বিষয়ই ব্যক্তিগত অনুভূতির
সঙ্গে সম্পর্কিত: প্রেম, অভিমান, বিচ্ছেদ, অসুস্থতা, একাকিত্ব, মৃত্যুচিন্তা ও আত্মপরিচয়ের
সংকট। কিন্তু এসব বিষয় তাঁর কবিতায় আত্মজৈবনিক তথ্যের স্তরে সীমাবদ্ধ থাকে না। তিনি
ব্যক্তিগত অভিজ্ঞতাকে এমনভাবে ভাষায় রূপান্তরিত করেছেন, যাতে তা মানবজীবনের সাধারণ
সত্যের সঙ্গে যুক্ত হ’য়ে যায়। একজন পাঠক কবির ব্যক্তিগত জীবন না জেনেও তাঁর কবিতার
অনুভূতি উপলব্ধি করতে পারেন। কারণ কবিতার ভেতরে ব্যক্তিগত অভিজ্ঞতা ইতিমধ্যে শিল্পের
মাধ্যমে নতুন অর্থ অর্জন করেছে। এই রূপান্তরের ক্ষমতাই একজন কবির মৌলিকতার অন্যতম পরিচায়ক।
আবুল হাসান তাঁর স্বল্পায়ু জীবনে এই মৌলিকতার স্বাক্ষর রেখে গেছেন। তাঁর কবিতা পাঠকের
কাছে কেবল একজন কবির জীবনকথা নয়; বরং মানুষের অন্তর্গত জগতের এক গভীর অনুসন্ধান হিসেবে
ধরা দেয়। তাঁর কবিতার নান্দনিকতা বিচার করতে গেলে সৌন্দর্য সম্পর্কে তাঁর অন্তর্নিহিত
ধারণাও বিবেচনা করা প্রয়োজন। প্রচলিত অর্থে সৌন্দর্য বলতে আমরা অনেক সময় সুশৃঙ্খল,
মসৃণ, আনন্দময় ও সুষম কোনো অভিজ্ঞতাকে বুঝি। কিন্তু আধুনিক শিল্পে সৌন্দর্যের ধারণা
আরও বিস্তৃত। সেখানে অসংগতি, ভাঙন, বেদনা, অস্বস্তি, অনিশ্চয়তা এবং অসম্পূর্ণতাও নান্দনিকতার
অংশ হ’য়ে উঠতে পারে। আবুল হাসানের কবিতায় এই আধুনিক সৌন্দর্যবোধ স্পষ্ট। তাঁর কবিতায়
সবকিছু সুন্দর ও সুশৃঙ্খল নয়; বরং জীবনের ভাঙন ও অসম্পূর্ণতার মধ্যেও তিনি শিল্পের
সম্ভাবনা খুঁজে পেয়েছেন। তাঁর কবিতার সৌন্দর্য কখনো মসৃণ আবেগে, কখনো তীব্র আত্মজিজ্ঞাসায়,
কখনো বিষণ্ন চিত্রকল্পে, আবার কখনো আকস্মিক বৈপরীত্যে প্রকাশিত হয়। তিনি সৌন্দর্যকে
জীবনের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করেননি। বরং জীবনের কঠিন ও বেদনাময় সত্যকেও নান্দনিকভাবে
উপলব্ধি করার পথ তৈরি করেছেন। এ-কারণে তাঁর কবিতা একই সঙ্গে কোমল ও কঠিন, স্বপ্নময়
ও বাস্তব, ব্যক্তিগত ও দার্শনিক।
আবুল
হাসানের কবিতার একটি উল্লেখযোগ্য দিক হলো তাঁর মানবিক সংবেদনশীলতা। তিনি মানুষের দুর্বলতা,
অসহায়ত্ব, আকাঙ্ক্ষা এবং সীমাবদ্ধতাকে গভীর সহানুভূতির সঙ্গে দেখেছেন। তাঁর কবিতার
মানুষ কখনো নিখুঁত নয়; সে ভুল করে, ব্যর্থ হয়, ভালোবাসে, হারায়, আবার নিজের অস্তিত্বকে
নতুনভাবে আবিষ্কার করতে চায়। কবি এই মানুষকে বিচারকের দৃষ্টিতে দেখেন না; বরং তার অন্তর্গত
বেদনা ও আকাঙ্ক্ষাকে বোঝার চেষ্টা করেন। এই মানবিক দৃষ্টিভঙ্গিই তাঁর কবিতাকে হৃদয়গ্রাহী
করেছে। তাঁর কবিতায় মানুষের প্রতি ভালোবাসা কখনো সরাসরি ঘোষিত হয় না; বরং মানুষের দুঃখ
ও বিচ্ছিন্নতার প্রতি গভীর মনোযোগের মধ্য দিয়ে তা প্রকাশিত হয়। তিনি মানুষের সীমাবদ্ধতাকে
অস্বীকার করেননি, আবার সেই সীমাবদ্ধতার কারণে মানুষকে অবমূল্যায়নও করেননি। বরং মানুষের
অপূর্ণতার মধ্যেই তিনি মানবিকতার সৌন্দর্য আবিষ্কার করেছেন। এই মানবিক সংবেদনশীলতা
তাঁর কবিতাকে সময়ের সীমা অতিক্রম করে পাঠকের কাছে প্রাসঙ্গিক ক’রে রেখেছে।
আবুল
হাসান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাঁর কবিতার ভাষা ও অনুভূতির জগৎ নতুন প্রজন্মের পাঠকের
কাছে এখনও আকর্ষণীয়। আধুনিক জীবনের ব্যস্ততা, সম্পর্কের জটিলতা, সামাজিক যোগাযোগের
বিস্তার, ব্যক্তিগত নিঃসঙ্গতা এবং ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তার মধ্যে তাঁর কবিতা নতুনভাবে
পাঠ করা যায়। বর্তমান সময়ের মানুষও নিজের পরিচয় নিয়ে দ্বিধায় ভোগে, সম্পর্কের মধ্যে
দূরত্ব অনুভব ক’রে, ভালোবাসার মধ্যে বিচ্ছেদের আশঙ্কা দেখে এবং জীবনের অর্থ খুঁজতে
গিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হয়। প্রযুক্তিনির্ভর আধুনিক সমাজে মানুষের যোগাযোগের মাধ্যম
বেড়েছে, কিন্তু মানসিক নিঃসঙ্গতা দূর হয়নি। বরং অনেক ক্ষেত্রে এই নিঃসঙ্গতা নতুন মাত্রা
পেয়েছে। আবুল হাসানের কবিতার বিচ্ছিন্নতা ও অস্তিত্বসংকটের অনুভূতি তাই আজও প্রাসঙ্গিক।
তাঁর কবিতা পাঠককে মনে করিয়ে দেয় যে মানুষের অন্তর্জগতের মৌলিক প্রশ্নগুলো সময়ের পরিবর্তনের
সঙ্গে সম্পূর্ণ বদলে যায় না। মানুষের প্রেম, ভয়, আকাঙ্ক্ষা, মৃত্যু ও আত্মপরিচয়ের সংকট
বিভিন্ন যুগে বিভিন্ন রূপ ধারণ করলেও তার গভীর মানবিক ভিত্তি অনেকাংশে একই থাকে।
আবুল
হাসানের সাহিত্যিক গুরুত্ব আরও একটি কারণে বিশেষভাবে আলোচনার দাবি রাখে। তিনি বাংলা
কবিতায় ব্যক্তিমানুষের অনুভূতিকে এমন এক শিল্পিত উচ্চতায় উন্নীত করেছেন, যেখানে ব্যক্তিগত
ও সমষ্টিগত অভিজ্ঞতার মধ্যে কোনো কৃত্রিম বিভাজন থাকে না। তাঁর কবিতার ব্যক্তি কখনো
একা, কিন্তু সেই একাকিত্বের অভিজ্ঞতা পাঠকের একাকিত্বের সঙ্গে মিলে যায়। তাঁর প্রেম
ব্যক্তিগত, কিন্তু সেই প্রেমের আকাঙ্ক্ষা সর্বজনীন। তাঁর মৃত্যুচেতনা ব্যক্তিগত জীবনসংকটের
সঙ্গে সম্পর্কিত, কিন্তু তা প্রত্যেক মানুষের অনিবার্য মৃত্যুসচেতনতার সঙ্গে যুক্ত।
তাঁর আত্মপরিচয়ের প্রশ্ন ব্যক্তিগত নাম ও পরিচয়ের মধ্য দিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত
তা মানুষের অস্তিত্বের প্রশ্নে পরিণত হয়। এইভাবে তিনি ব্যক্তিগত অভিজ্ঞতাকে বৃহত্তর
মানবিক অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করেছেন। তাঁর কবিতার এই বৈশিষ্ট্যই তাঁকে একজন স্বতন্ত্র
আধুনিক কবির মর্যাদা দিয়েছে।
আবুল
হাসানের কাব্যজগতের একটি বিশেষ তাৎপর্য হলো অসমাপ্তির বোধ। তাঁর জীবনের মতো তাঁর কবিতার
জগতেও অনেক প্রশ্নের চূড়ান্ত উত্তর নেই। তাঁর কবিতার মানুষ কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছাতে
পারে না; বরং জীবনের নানা বৈপরীত্যের মধ্যে নিজের অবস্থান খুঁজে বেড়ায়। এই অসমাপ্তি
দুর্বলতা নয়; এটি আধুনিক জীবনবোধের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আধুনিক মানুষ পৃথিবী
ও নিজের অস্তিত্ব সম্পর্কে আগের মতো নিশ্চিত নয়। তার বিশ্বাস, সম্পর্ক, সামাজিক অবস্থান
এবং ব্যক্তিগত পরিচয় ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনের মধ্যে সে চূড়ান্ত সত্যের
সন্ধান ক’রে, কিন্তু সবসময় তা অর্জন করতে পারে না। আবুল হাসানের কবিতা এই অনিশ্চয়তাকে
স্বীকার ক’রে। তাঁর কবিতার সৌন্দর্য কোনো চূড়ান্ত সমাধানে নয়; বরং অনুসন্ধানের মধ্যেই
নিহিত। পাঠক তাঁর কবিতা পড়ে জীবনের সব প্রশ্নের উত্তর পান না, কিন্তু নিজের প্রশ্নগুলোকে
নতুনভাবে উপলব্ধি করতে শেখেন। এই উপলব্ধিই তাঁর কবিতার দীর্ঘস্থায়ী শিল্পমূল্যের অন্যতম
ভিত্তি।
আবুল
হাসান আধুনিক কবিতার এক অনন্য প্রতিভা, যিনি স্বল্পায়ু জীবনের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে
স্থায়ী আসন অর্জন করেছেন। তাঁর কবিতায় জীবন ও মৃত্যুর দ্বন্দ্ব, প্রেম ও বিচ্ছেদের
অনুভূতি, ব্যক্তিমানুষের নিঃসঙ্গতা, আত্মপরিচয়ের সংকট, সময়ের অনিশ্চয়তা, স্মৃতির বিষাদ
এবং সৌন্দর্যের বহুমাত্রিক উপলব্ধি এক অপূর্ব শিল্পসমন্বয়ে প্রকাশিত হয়েছে। তিনি প্রচলিত
কাব্যভাষার সীমাবদ্ধতা অতিক্রম ক’রে এমন এক ভাষা নির্মাণ করেছেন, যেখানে সহজ শব্দও
গভীর তাৎপর্য বহন ক’রে। তাঁর চিত্রকল্প, প্রতীক, ছন্দ, বাক্যগঠন এবং নাটকীয় প্রকাশভঙ্গি
বাংলা কবিতাকে সমৃদ্ধ করেছে। তাঁর কবিতার বিষাদ কোনো নিছক হতাশার প্রকাশ নয়; বরং জীবনের
প্রতি গভীর ভালোবাসা ও সচেতনতারই এক বিশেষ রূপ। তিনি মৃত্যুকে অনুভব করেছেন বলেই জীবনকে
আরও নিবিড়ভাবে উপলব্ধি করেছেন; বিচ্ছেদকে চিনেছেন বলেই প্রেমের গভীরতা বুঝেছেন; নিঃসঙ্গতাকে
অনুভব করেছেন বলেই মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন। তাঁর
কবিতার নান্দনিকতা তাই কেবল শব্দের সৌন্দর্যে সীমাবদ্ধ নয়; তা মানুষের অস্তিত্বের গভীর
সত্যকে শিল্পের মাধ্যমে উপলব্ধি করার এক অনন্য প্রয়াস। আবুল হাসান অল্প সময়ের মধ্যেই
এমন এক কাব্যভুবন নির্মাণ করেছেন, যা পাঠকের মনে দীর্ঘস্থায়ী অনুরণন সৃষ্টি ক’রে। তাঁর
জীবন আমাদের মনে করিয়ে দেয়, মানুষের আয়ু সীমিত হতে পারে, কিন্তু সৃষ্টিশীলতার ব্যাপ্তি
সময়ের সীমাকে অতিক্রম করতে পারে। তাঁর কবিতা আমাদের শেখায়, জীবনের সৌন্দর্য কেবল প্রাপ্তিতে
নয়, হারানোর মধ্যেও রয়েছে; ভালোবাসার গভীরতা কেবল মিলনে নয়, বিচ্ছেদের বেদনাতেও প্রকাশিত
হয়; আর মৃত্যুর অনিবার্যতা জীবনের মূল্যকে মুছে দেয় না, বরং অনেক সময় তাকে আরও অর্থবহ
ক’রে তোলে। এই জীবনবোধ, শিল্পসচেতনতা ও নান্দনিক স্বাতন্ত্র্যের কারণেই আবুল হাসান
বাংলা সাহিত্যে চিরস্মরণীয়। তিনি কেবল ষাটের দশকের একজন কবি নন; তিনি এমন এক আধুনিক
কবিসত্তা, যাঁর কবিতা প্রতিটি নতুন পাঠে নতুন অর্থে উন্মোচিত হয়। তাঁর কাব্যজগৎ আমাদের
অস্তিত্বের দিকে তাকাতে শেখায়, নিজের নিঃসঙ্গতাকে চিনতে শেখায় এবং জীবনের ক্ষণস্থায়ী
সৌন্দর্যকে গভীর মমতায় ধারণ করতে শেখায়। তাই আবুল হাসানকে স্মরণ করা মানে শুধু একজন
অকালপ্রয়াত কবির জীবন ও সাহিত্যকে স্মরণ করা নয়; বরং বাংলা কবিতার এক গভীর মানবিক,
বিষাদময় ও সৌন্দর্যসন্ধানী অধ্যায়ের সঙ্গে পুনরায় পরিচিত হওয়া। তাঁর কবিতা যত দিন মানুষের
প্রেম, বেদনা, নিঃসঙ্গতা, আত্মজিজ্ঞাসা ও মৃত্যুচেতনার সঙ্গে সম্পর্কিত থাকবে, তত দিন
তিনি বাংলা সাহিত্যে প্রাসঙ্গিক থাকবেন। সময়ের স্রোতে মানুষ হারিয়ে যায়, কিন্তু সত্যিকারের
শিল্প তার নিজস্ব আলোয় বেঁচে থাকে। আবুল হাসানের কবিতাও তেমনই এক আলো, যে আলোতে জীবনের
বিষাদ, সৌন্দর্য ও অনিবার্য সত্য একাকার হ’য়ে বাংলা কবিতার আকাশে চিরকাল দীপ্তিমান
হ’য়ে থাকবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন